উত্তরাঞ্চলের বন্যার্তদের সহায়তায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফিফা গেমিং টুর্নামেন্ট
রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসেছে ফিফা গেমিং টুর্নামেন্ট। ফি দিয়ে নিবন্ধিত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৮০টি টিমে বিভক্ত হয়ে এই খেলায় অংশ নিয়েছে। বিশ্ববিদ্যালয় এনএসইউসিইসি ক্লাবের আয়োজনে তিনব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে শনিবার।
আয়োজক সূত্র জানিয়েছে, প্রতিযোগীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বন্যা-কবলিত মানুষের মাঝে ব্যয় করা হবে। টুর্নামেন্টের মাধ্যমে বিজয়ীদের প্রাইজমানি প্রদান করা হবে নর্থ সাউথ কর্তৃপক্ষ থেকে। টুর্নামেন্ট পরিচালনা করেছেন সিইসি ক্লাবের সভাপতি মইনুল হক নাজিম, সহ সভাপতি গালিব আহসান, সাধারণ সম্পাদক মুহিবুল হাসান, যুগ্ম-সম্পাদক ইশরাকা জহির, কোষাধক্ষ মো আব্দুল্লাহ আলমুন, আরাফাতুল হাসান সদয়, নাসিব তালুকদার, ফারহান তানভীর প্রত্যয়, মো: মেহেনুফ হোসেন সহ ক্লাবের সদস্যরা।
আয়োজন নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিভাগের শিক্ষার্থী এবং ক্লাবের সভাপতি মইনুল হক নাজিম জানান, গেমিং ব্র্যান্ড গিগাবাইটের সহযোগিতায় চলমান টুর্নামেন্টটি থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ যাবে উত্তরাঞ্চলের বন্যার্তদের জন্য। সেখানে খুব কম সাহায্য সহযোগিতা গিয়েছে। সেই লক্ষ্যেই তহবিল উত্তোলনের জন্য এই গেমিং প্রতিযোগিতার আয়োজন। যা থেকে তাদের মাঝে ব্যবহার করা হবে। আমরা বিশ্বাস করি, এই ছোট্ট উদ্যোগটি বন্যা কবলিতদের জন্য অনেক উপকারে আসবে।
ক্লাবের সিনিয়র সদস্য নাইমুর রহমান বলেন, এই প্রতিযোগিতা মূলত তিন দিন চলবে। এখানে সব নর্থ-সাউথের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টে আমাদের টার্গেটের চেয়ে বেশি সাড়া পেয়েছি।
গিগাবাইট বাংলাদেশের কন্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনএসইউসিইসি ক্লাবের শিক্ষার্থীদের এই উদ্যোগে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের এই মানবতাবাদী কাজে আমরা সহযোগিতা করতে পেরে গর্বিত।







